বাংলাদেশ, , মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন

  প্রকাশ : ২০২৬-০২-০৩ ১৩:৩৭:০১  

পরিস্থিতি২৪ডটকম : অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন। বেশ কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যেই পাসপোর্ট ছেড়েছেন। বাকিরাও খুব দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ইতোমধ্যেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদনও করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সাধারণ পাসপোর্ট পেতে একটু সময় লাগে। আবার অনেক উপদেষ্টাই নতুন পাসপোর্ট দিয়েই ভিসা আবেদন করতে আগ্রহী। সে কারণে সময়ক্ষেপণ না করার জন্যই তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে আগ্রহী।

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য এরইমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি বা আমার স্ত্রী কেউই আমাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেইনি। আমার পাসপোর্ট আমার কাছেই আছে।



ফেইসবুকে আমরা